আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকানদের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত এ তেলের দাম কমেছে প্রায় ২০ শতাংশ। খবর রয়টার্সের।
৫ নভেম্বর বৃহস্পতিবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৫০ ডলারে নেমে আসে। আগের দিন বুধবার এক ধাক্কায় দাম কমেছিল ৮ দশমিক ৭ শতাংশ।
শুক্রবার পর্যন্ত এ দরপতন অব্যাহত থাকলে ২০২০ সালের এপ্রিলের পর তেলের দামে এটিই হবে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।
বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে রাজনৈতিক চাপ বাড়বে। এতে সংঘাত অবসানের সম্ভাবনা তৈরি হয়েছে। আর যুদ্ধ শেষ হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে পারে—এমন প্রত্যাশায় তেলের দামে নেতিবাচক প্রভাব পড়েছে।
এদিকে, তেলের দাম কমায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ সূচক বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। ইউরোপের শেয়ারবাজারও দুই মাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।
অন্যদিকে, এশিয়ার বাজারে প্রযুক্তি খাতের শেয়ারে বড় দরপতন দেখা গেছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, চিপ ও তথ্যকেন্দ্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক কমেছে ৪ শতাংশ, তাইওয়ানের শেয়ারবাজারের প্রধান সূচক কমেছে ১ দশমিক ৮ শতাংশ এবং জাপানের নিক্কেই সূচক কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ।
বিশ্লেষকদের মতে, এসব দরপতনের অর্থ এই নয় যে কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যকেন্দ্র ও চিপের চাহিদা দীর্ঘ মেয়াদে কমে যাবে। তবে নিয়ন্ত্রণব্যবস্থা কঠোর হওয়ার আশঙ্কায় এসব খাতের সম্প্রসারণ সাময়িকভাবে ধীর হতে পারে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available