টানা তিন দফা বাড়ার পর আবারও কমল সোনার দাম
ডেস্ক রিপোর্ট: টানা তিন দফা বড় অঙ্কে দাম বাড়ানোর পর দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।৬ নভেম্বর শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা। এসব দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানিয়েছে, স্বর্ণালঙ্কার তৈরির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে।এর আগে, মাত্র চার দিনের ব্যবধানে তিন দফায় সোনার দাম ভরিতে মোট ১২ হাজার ৮০ টাকা বাড়ানো হয়েছিল। সর্বশেষ ৫ নভেম্বর বৃহস্পতিবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ায় বাজুস। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ভ্যাটসহ বেড়ে দাঁড়ায় ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।এর আগের দিন বুধবার (৪ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়ানো হয়। আর সোমবার (২ নভেম্বর) একই মানের সোনার দাম ভরিতে বাড়ানো হয়েছিল ৩ হাজার ২৬৬ টাকা।এটিভি/এসআইআর