বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। ইউক্রেন ও রাশিয়া পরস্পরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে রাশিয়ার তেল সরবরাহ বাড়তে পারে—এমন প্রত্যাশা তৈরি হয়েছে বাজারে।তবে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এখনো রয়েছে। ফলে দাম কমলেও আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ১২ অক্টোবর সোমবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহমূল্য ব্যারেলপ্রতি ১ ডলার ৩৭ সেন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ১০৩ ডলার ৩৫ সেন্টে নেমে আসে।একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩০ সেন্ট বা ১ দশমিক ৪২ শতাংশ কমে দাঁড়ায় ৯০ ডলার ৫৫ সেন্টে।বিশ্লেষকদের মতে, রাশিয়া থেকে সরবরাহ বাড়ার প্রত্যাশা তেলের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করেছে। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ অব্যাহত থাকায় সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি। আগামী দিনে তেলের দামের গতিপথ নির্ভর করবে যুদ্ধের পরিস্থিতি, জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের অগ্রগতি এবং বৈশ্বিক সরবরাহের ওপর।