• ঢাকা
  • |
  • শনিবার ২রা কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৪৯:১৮ (17-Oct-2026)
  • - ৩৩° সে:

নিয়োগের পাঁচ দিনের মাথায় পদ ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

১৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:০৯:৫৫

নিয়োগের পাঁচ দিনের মাথায় পদ ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগের মাত্র পাঁচ দিনের মাথায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন কেটি জাকারিয়া। তাঁর আইনজীবী পরিচয় নিয়ে বিতর্ক এবং সংবাদমাধ্যমের সমালোচনার মধ্যে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর এ সিদ্ধান্ত সামনে এসেছে।

১৬ অক্টোবর শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউস নিশ্চিত করেছে, দায়িত্ব থেকে সরে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন জাকারিয়া। তাঁর স্থলাভিষিক্ত কে হবেন, সে বিষয়ে এখনই তাড়াহুড়া করতে চান না ট্রাম্প।

শুক্রবার হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, সংবাদমাধ্যমের সমালোচনার মুখে জাকারিয়া যেভাবে চাপের মধ্যে রয়েছেন, তাতে তাঁকে এভাবে ভুগতে দেওয়া উচিত নয় বলে মনে করেন তিনি। এ সময় জাকারিয়াকে দায়িত্বে থাকা নিয়ে পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘সংবাদমাধ্যমের হাতে কেটি যেভাবে ভুগছেন, তাতে আমার মনে হয় না তাঁকে এভাবে কষ্ট পেতে দেওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘আমি তাঁকে বলেছি, সত্যি বলতে, আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে বিষয়টি পুনর্বিবেচনা করতাম। তুমি ভেবে দেখো।’

গত ৯ অক্টোবর জাকারিয়াকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। তিনি ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হন। দায়িত্ব নেওয়ার পরপরই তাঁর যোগ্যতা ও সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগের ধরন নিয়ে প্রশ্ন ওঠে।

ক্যালিফোর্নিয়ার পেপারডাইন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে স্নাতক করা জাকারিয়াকে নিয়োগের সময় ট্রাম্প আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। কিন্তু তিনি যুক্তরাষ্ট্রে আইন পেশায় কাজ করার জন্য প্রয়োজনীয় বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়।

বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাকারিয়া স্বীকার করেন, তিনি বার পরীক্ষায় উত্তীর্ণ হননি। এরপর তাঁর আইনজীবী পরিচয় এবং পেশাগত যোগ্যতা নিয়ে সমালোচনা আরও জোরালো হয়।

এর আগে হোয়াইট হাউসে নিজের প্রথম সংবাদ সম্মেলনেও সমালোচনার মুখে পড়েন জাকারিয়া। গত মঙ্গলবার অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলন ১৫ মিনিটেরও কম সময় স্থায়ী হয়। সেখানে মাত্র তিনটি সংবাদমাধ্যমের প্রতিনিধির প্রশ্নের উত্তর দেন তিনি।

ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক অ্যান্থনি স্কারামুচি মাত্র ১০ দিন দায়িত্ব পালন করেছিলেন। জাকারিয়ার পাঁচ দিনের মেয়াদ সেই সময়ের অর্ধেক।

আল জাজিরার সংবাদদাতা কিম্বারলি হ্যালকেটের মতে, জাকারিয়াকে নিয়োগ দেওয়ার পর অল্প সময়ের মধ্যে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার ঘটনা ট্রাম্প প্রশাসনের জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষ করে, নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রিপাবলিকান পার্টি।

হ্যালকেটের বিশ্লেষণ অনুযায়ী, জাকারিয়ার বিশ্বাসযোগ্যতা ও দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে তৈরি হওয়া প্রশ্ন তাঁর বিদায়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ঘটনা ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণের ধরন নিয়েও নতুন করে বিতর্ক সৃষ্টি করতে পারে।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ও কাল মহাসপ্তমী, দুর্গোৎসবে মুখর দেশ
আজ ও কাল মহাসপ্তমী, দুর্গোৎসবে মুখর দেশ
১৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:০১:৩৭




সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
১৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২৪:৪৭