আন্তর্জাতিক ডেস্ক: কুয়েত, বাহরাইন ও জর্ডানে ইরানের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে বেসামরিক অবকাঠামো, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) স্থাপনায় হামলারও তীব্র সমালোচনা করেছে রিয়াদ।
১৮ জুলাই শনিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কুয়েত, বাহরাইন ও জর্ডানের বিরুদ্ধে ইরানের ধারাবাহিক হামলায় সৌদি আরব গভীর উদ্বেগ প্রকাশ করছে। পাশাপাশি এসব ঘটনার জবাবে সংশ্লিষ্ট দেশগুলো যে পদক্ষেপ নিয়েছে, তার প্রতিও পূর্ণ সমর্থন জানিয়েছে দেশটি।
বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অবিলম্বে সব ধরনের সামরিক উত্তেজনা বন্ধ করা প্রয়োজন। সংঘাত আরও বিস্তার লাভ করলে আঞ্চলিক নিরাপত্তা ও বেসামরিক জনগণের সুরক্ষা মারাত্মকভাবে হুমকির মুখে পড়তে পারে বলেও সতর্ক করেছে সৌদি আরব।
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকায় উপসাগরীয় অঞ্চলের জ্বালানি, পানি পরিশোধন ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে বলে দাবি করেছে একটি ইরানি সামরিক সূত্র।
শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট স্পেকটেটর-এর বরাতে প্রকাশিত প্রতিবেদনে ওই সূত্র দাবি করেছে, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে কুয়েতসহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোও লক্ষ্যবস্তু হতে পারে।
একই সূত্রের দাবি, ইরান এখন আগের তুলনায় অধিক নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। তবে এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো যাচাই পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available