• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে শ্রাবণ ১৪৩৩ দুপুর ১২:৪৯:৫০ (12-Aug-2026)
  • - ৩৩° সে:

তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, হরমুজ খুলতে ৩ শর্তে অনড় ইরান

১২ আগস্ট ২০২৬ সকাল ১১:০৯:০৮

তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, হরমুজ খুলতে ৩ শর্তে অনড় ইরান
“ছবি: সংগৃহীত”

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও নৌ অবরোধ বন্ধ, বিদেশে জব্দ ইরানি সম্পদ ছাড় এবং গাজা-লেবাননসহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতি—এই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ খুলবে না বলে জানিয়েছে তেহরান।

এমন পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরান সফর করেছেন। ১২ আগস্ট বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নবনিযুক্ত প্রধান মোহসেন রেজাই তেহরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালি খোলার বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরেন।

ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে রেজাই বলেন, যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান ও ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ বন্ধ করতে হবে। একই সঙ্গে বিদেশে জব্দ ইরানি সম্পদ ছাড় এবং গাজা ও লেবাননসহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের আচরণ পরিবর্তন করে ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না। সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালি বন্ধ থাকবে।

এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, ওমান উপসাগরে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজের স্টিয়ারিং ব্যবস্থা অচল করতে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার থেকে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, জাহাজটি ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ লঙ্ঘন বন্ধের জন্য দেওয়া একাধিক সতর্কবার্তা উপেক্ষা করেছিল।

এদিকে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে বাব এল-মান্দেব প্রণালিতেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয়ের দাবি, সেখানে একটি ছোট পণ্যবাহী জাহাজে সন্দেহভাজন হুথি হামলায় চার নাবিক নিহত হয়েছেন। ইয়েমেনের কোস্ট গার্ড জানিয়েছে, হুথিবিরোধী একটি সামরিক গোষ্ঠীর দুই ইয়েমেনি উদ্ধারকর্মীও নিহত হয়েছেন।

মিশরীয় মালিকানাধীন ‘তিহামাহ’ নামের জাহাজে হামলার এ ঘটনা ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর নৌযানে চালানো প্রথম হামলা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, হুথি-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সাবা দাবি করেছে, গোষ্ঠীটি বাব এল-মান্দেব প্রণালিতে সামরিক সরঞ্জাম বহনকারী একটি সৌদি জাহাজে হামলা চালিয়েছে। তবে জাহাজটির নাম জানানো হয়নি। এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হরমুজ ও বাব এল-মান্দেব—মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগও বাড়ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন
আজ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন
১২ আগস্ট ২০২৬ দুপুর ১২:৩১:৩২