আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে সাতজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ।
সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে রণতরীটি ওই অঞ্চলে মোতায়েন থাকায় এর নৌসেনাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। এমনকি নৌসেনাদের পরিবারের সদস্যরাও রণতরীটির দীর্ঘমেয়াদি মোতায়েন নিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
নৌসেনাদের অভিযোগ ও অসন্তোষ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের এক উপদেষ্টা রণতরীটিতে যান বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
নৌসেনাদের একটি সমাবেশে ওই উপদেষ্টা বক্তব্য দেওয়ার সময় তাকে দুয়োধ্বনি দেওয়া হয় এবং তার দিকে পানির বোতল ছুড়ে মারা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে ক্রুদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
প্রতিবেদন অনুযায়ী, সংঘর্ষের সময় ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। এতে সাতজন নৌসেনা নিহত এবং কয়েকজন আহত হন বলে দাবি করা হয়েছে। ঘটনার পরও রণতরীটির ভেতরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে।
তাসনিমের দাবি, ইউএসএস আব্রাহাম লিংকন টানা ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে এবং বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর করা রণতরীটির অন্যতম প্রধান দায়িত্ব বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া রণতরীটি টানা ২০৮ দিন সমুদ্রে অবস্থান করেছে বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যমটি। তাদের মতে, আধুনিক সময়ে কোনো মার্কিন বিমানবাহী রণতরীর জন্য এটি দীর্ঘতম একটানা সমুদ্র মোতায়েনের ঘটনা। তবে গত জুলাইয়ে ওমানে স্বল্প সময়ের জন্য রণতরীটি বিরতি নিয়েছিল।
তবে নৌসেনাদের সংঘর্ষে সাতজন নিহত হওয়ার দাবির বিষয়ে এখন পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available