আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনাকে ‘প্রহসন’ বলে মন্তব্য করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, ওয়াশিংটনের ঘোষিত নতুন অর্থনৈতিক চাপের বড় অংশই আগে থেকে কার্যকর থাকা নিষেধাজ্ঞার পুনরাবৃত্তি।
২৭ আগস্ট বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘেই এসব কথা বলেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন নিষেধাজ্ঞার ঘোষণা দিচ্ছে, যেগুলো এরই মধ্যে কার্যকর রয়েছে। ফলে নতুন করে এসব পদক্ষেপ ঘোষণার কোনো অর্থ নেই।
বাঘেই আরও বলেন, বাহরাইনের সঙ্গে ইরানের উল্লেখযোগ্য অর্থনৈতিক লেনদেন নেই। এরপরও ওয়াশিংটন বাহরাইনকে সামনে এনে তাদের অর্থনৈতিক চাপের জোট কার্যকর বলে দেখানোর চেষ্টা করছে।
এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের ওপর আর্থিক চাপ অব্যাহত রাখার বিষয়ে বাহরাইনের অর্থমন্ত্রী শেখ সালমান বিন খলিফা আল খলিফের সঙ্গে আলোচনা করেন বলে জানানো হয়।
ইরান এর আগেও যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার সমালোচনা করেছে। দেশটির কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা মোকাবিলায় তেহরানের নিজস্ব ব্যবস্থা রয়েছে এবং নতুন করে অর্থনৈতিক চাপ প্রয়োগ করেও ইরানকে নত করা সম্ভব হবে না।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ওয়াশিংটন এই উদ্যোগের মাধ্যমে ইরানের তেল, অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যিক যোগাযোগের ওপর চাপ বাড়াতে চায়।
সূত্র: আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available