• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই ভাদ্র ১৪৩৩ সকাল ১০:৪৮:৩১ (20-Aug-2026)
  • - ৩৩° সে:
ট্রাম্পের নতুন অর্থনৈতিক যুদ্ধের ঘোষণায় ইরানের উপহাস

ট্রাম্পের নতুন অর্থনৈতিক যুদ্ধের ঘোষণায় ইরানের উপহাস

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান’ চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই ঘোষণাকে গুরুত্ব না দিয়ে পাল্টা কটাক্ষ করেছে ইরানের রাষ্ট্রীয় ও সরকারঘনিষ্ঠ গণমাধ্যমগুলো।১৯ আগস্ট বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর সুযোগ শেষ হয়ে গেছে। দেশটির বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক চাপ ও বিচ্ছিন্নতার ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেন করা দেশ ও প্রতিষ্ঠানগুলোকেও কঠোর অর্থনৈতিক পরিণতির হুঁশিয়ারি দেন তিনি। এ পদক্ষেপকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প।ট্রাম্পের ঘোষণার পর ইরানের সরকারঘনিষ্ঠ গণমাধ্যমগুলো তাঁর বক্তব্যের সমালোচনা করে। বার্তা সংস্থা তাসনিম নিউজ ট্রাম্পের ঘোষণাকে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ‘সর্বোচ্চ চাপ’ নীতিরই ধারাবাহিকতা হিসেবে বর্ণনা করেছে। তাদের দাবি, অতীতের মার্কিন নিষেধাজ্ঞা ইরানের নীতিতে বড় কোনো পরিবর্তন আনতে পারেনি এবং নিষেধাজ্ঞা এড়িয়ে বৈদেশিক বাণিজ্য ও আর্থিক লেনদেন চালানোর বিভিন্ন পদ্ধতি ইরান ইতোমধ্যে আয়ত্ত করেছে।অন্যদিকে, ফার্স নিউজ ট্রাম্পের দাবিকে ‘ভ্রান্ত ও কাল্পনিক’ বলে আখ্যায়িত করেছে। তাদের মতে, ইরানের সামরিক সক্ষমতা ভেঙে পড়েনি এবং দেশটির অর্থনীতিও সম্পূর্ণ ধসের মুখে নেই। ট্রাম্পের বক্তব্যকে তারা যুক্তরাষ্ট্রের প্রচারণা ও মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের অংশ হিসেবে দেখছে।এর আগে ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক পদক্ষেপের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেছিলেন, তেল পাচার, মুদ্রা বিনিময়, নগদ অর্থ স্থানান্তর, মানি এক্সচেঞ্জ, জাহাজ নিবন্ধন ও নামসর্বস্ব কোম্পানির মাধ্যমে ইরানের সঙ্গে যেসব লেনদেন চলছে, সেগুলো বন্ধ করতে হবে।সূত্র: আল জাজিরা