ক্রীড়া ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও উরুগুয়ের মতো ফুটবল পরাশক্তিদের বিপক্ষে মাঠে নামার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে ঠিকই, তবে সেই স্বপ্ন বাস্তবায়নে চড়া মূল্য চোকাতে হচ্ছে ভারতকে।
গত ফিফা উইন্ডোতে ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্ষে তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করে বিশাল আর্থিক ঘাটতির মুখে পড়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। আর এই ঘাটতি মেটাতে গিয়ে এখন রীতিমতো হিমশিম খাচ্ছে ভারতের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি।
পরিস্থিতি সামাল দিতে এআইএফএফের সংরক্ষিত স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট (এফডি) ভাঙানোর প্রস্তাব দিয়েছিলেন সংস্থাটির সভাপতি কল্যাণ চৌবে। তবে কার্যনির্বাহী সভার সদস্যদের তীব্র আপত্তিতে তাঁর সেই প্রস্তাব নাকচ হয়ে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়া টুডে'র প্রতিবেদন অনুযায়ী, হাই-প্রোফাইল এই তিন আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের খরচ বাবদ এআইএফএফের সম্ভাব্য আর্থিক ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৮০ থেকে ৮৫ কোটি রুপি। গত রবিবার আয়োজিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ফিক্সড ডিপোজিট ভেঙে এই বিশাল অর্থের জোগান দেওয়ার প্রস্তাব পেশ করেন সভাপতি কল্যাণ চৌবে। কিন্তু সভার অধিকাংশ সদস্যই তাঁর এই প্রস্তাবে সায় দেননি।
বিশেষ সাধারণ সভায় উপস্থিত একটি রাজ্য ফুটবল সংস্থার কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআই-কে বলেন, "তিনি (চৌবে) স্পষ্টভাবে জানিয়েছেন যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের ফলে তৈরি হওয়া আর্থিক ঘাটতি মেটাতে এআইএফএফের সঞ্চিত ফিক্সড ডিপোজিট ভাঙাতে চান।" তিনি আরও জানান, সভাপতি পরবর্তীতে বাইরে থেকে তহবিল সংগ্রহ করে সেই অর্থ আবার ব্যাংকে ফেরত দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন।
তবে এআইএফএফের সহসভাপতি এনএ হারিস স্পষ্টভাবে জানিয়ে দেন, ফিক্সড ডিপোজিট ভাঙানোর বিপক্ষে আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল কার্যনির্বাহী কমিটি। অন্যদিকে, সংস্থার সাবেক সভাপতি প্রফুল প্যাটেলও এত বিপুল পরিমাণ আর্থিক দায় এবং খরচের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তবে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি সভাপতি কল্যাণ চৌবে। তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, "না, এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। এটি আমাদের অভ্যন্তরীণ সভা, তাই বাইরে প্রকাশ করার মতো কিছু নেই।"
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available