• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:৫১:০০ (19-Aug-2026)
  • - ৩৩° সে:

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র প্রকাশ

১৯ আগস্ট ২০২৬ সকাল ০৮:৫০:১২

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৮ আগস্ট মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে মানচিত্রটি প্রকাশ করেন তিনি।

মানচিত্রে হরমুজ প্রণালির ওপর একটি বৃত্ত আঁকা এবং এর ওপরে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ লেখা রয়েছে। তবে মানচিত্র প্রকাশের সঙ্গে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি ট্রাম্প। এর মধ্য দিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আগের হুমকিকেই আরও জোরালো করলেন তিনি।

এর আগে পৃথক এক পোস্টে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না এবং ভবিষ্যতেও আলোচনার পরিকল্পনা নেই। তিনি দাবি করেন, হরমুজ প্রণালি উন্মুক্ত ও স্বাভাবিক রয়েছে এবং সেখানে থাকা সব জলমাইন সরিয়ে ফেলা বা নিষ্ক্রিয় করা হয়েছে। একই সঙ্গে মার্কিন নৌ অবরোধ কার্যকর রয়েছে বলেও জানান তিনি।

তবে ট্রাম্পের বক্তব্যের সঙ্গে ইরানের অবস্থানের বড় ধরনের অমিল রয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। এসব শর্তের মধ্যে ইরানি সমুদ্রবন্দরের ওপর মার্কিন অবরোধ ও তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ অর্থ ছাড় এবং সামরিক অভিযান ও হুমকি বন্ধের বিষয় রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের দাবি অনুযায়ী প্রণালি উন্মুক্ত থাকলেও ইরান বলছে, জলপথটি নৌ চলাচলের জন্য বন্ধ রয়েছে। ফলে হরমুজ প্রণালির কার্যক্রম নিয়ে দুই দেশের বক্তব্যে স্পষ্ট বিরোধ দেখা দিয়েছে।

এর আগে গত শুক্রবার ট্রাম্প হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনার কথা বলেছিলেন। এবার মানচিত্র প্রকাশের মাধ্যমে সেই বক্তব্যকে আরও প্রকাশ্য রূপ দিলেন তিনি।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে জলপথটির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ