• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৪১:২৩ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ

৬ জুন ২০২৬ সকাল ১১:৩৯:৫১

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ৬ জুন শনিবার সকাল থেকেই সেখানে সমর্থকদের ভিড় জমতে শুরু করে।

দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শনিবার সকালে যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে পৌঁছান। বিমানবন্দরে নেমে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি সমর্থকদের শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জাতীয় পতাকা ও একটি বই সঙ্গে আনারও অনুরোধ করেন।

বিভিন্ন জাতীয় পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে গত সপ্তাহে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে ৬ জুন শান্তিপূর্ণ বিক্ষোভের ঘোষণা দেন দীপকে। পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।

বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, রাজধানীর প্রবেশপথ, গুরুত্বপূর্ণ মোড় ও সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে ব্যারিকেড বসানোর পাশাপাশি যানবাহন তল্লাশিও জোরদার করা হয়েছে।

সিজেপির দাবি, দিল্লি পুলিশ শেষ পর্যন্ত জন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দিয়েছে। দলটির মুখপাত্র সৌরভ দাস জানান, সকালেই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিরাপত্তা নিশ্চিতে এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ককরোচ জনতা পার্টি ভারতের তরুণদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। শিক্ষাব্যবস্থা, বেকারত্ব এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগকে সামনে এনে সংগঠনটি দ্রুত সমর্থন অর্জন করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জন্তর মন্তরের এই বিক্ষোভ ভারতের তরুণ প্রজন্মের অসন্তোষের একটি গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us