• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২২:৩১ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা, উদ্বেগ আইএইএ’র

৩১ মে ২০২৬ সকাল ০৯:০০:১৬

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা, উদ্বেগ আইএইএ’র

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি টারবাইন ভবনে ড্রোন আঘাত হেনেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির তথ্য অনুযায়ী, হামলায় ভবনের দেয়ালে একটি গর্ত সৃষ্টি হয়েছে।

৩০ মে শনিবার প্রকাশিত এক বিবৃতিতে আইএইএ জানায়, বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ তাদের এ ঘটনার বিষয়ে অবহিত করেছে। বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এই পারমাণবিক স্থাপনাটিতে আইএইএর একটি পর্যবেক্ষক দল অবস্থান করছে।

ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি বলেন, পারমাণবিক স্থাপনায় হামলা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এর পরিণতি ভয়াবহ হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইএইএ জানায়, তাদের পর্যবেক্ষক দল ক্ষতিগ্রস্ত টারবাইন ভবনটি সরেজমিনে পরিদর্শনের অনুমতি চেয়েছে। হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি এবং পারমাণবিক নিরাপত্তার ওপর এর কোনো প্রভাব পড়েছে কি না, তা যাচাই করতে চায় সংস্থাটি।

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম দাবি করেছে, ইউক্রেনীয় একটি ড্রোন জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে। তবে এতে কোনো গুরুত্বপূর্ণ সরঞ্জামের ক্ষতি হয়নি বলে জানিয়েছে তারা।

রোসাটমের প্রধান আলেক্সেই লিখাচেভ ঘটনাটিকে ‘ইচ্ছাকৃত হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। তার দাবি, ড্রোনের আঘাতে টারবাইন হলের দেয়ালে একটি গর্ত তৈরি হয়েছে।

তবে ইউক্রেনের সামরিক বাহিনী রুশ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৬ নম্বর ইউনিটে ইউক্রেনীয় বাহিনী কোনো হামলা চালায়নি। রাশিয়ার দাবি ‘অপপ্রচারের অংশ’ বলেও উল্লেখ করেছেন তারা।

ইউক্রেনীয় বাহিনী আরও বলেছে, তারা আন্তর্জাতিক মানবিক আইন কঠোরভাবে মেনে চলে এবং পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে কোনো সামরিক পদক্ষেপের সম্ভাব্য পরিণতি সম্পর্কে সম্পূর্ণ সচেতন।

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি একাধিকবার নিরাপত্তা উদ্বেগ ও হামলার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সূত্র: রয়টার্স।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভারতীয় বিমান বিধ্বস্ত, নিহত ৫
ভারতীয় বিমান বিধ্বস্ত, নিহত ৫
১৩ জুন ২০২৬ বিকাল ০৫:২৪:৩৪








Follow Us