ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির পরমাণু শক্তি সংস্থা। রোববার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি দাবি করে, আন্তর্জাতিক তদারকির আওতায় থাকা একটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।তবে হামলায় স্থাপনাটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি তেহরান। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আবারও বেড়েছে। ইরানের দাবি, তাদের বিভিন্ন স্থাপনায় মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে।এর আগে গত জুনে পাকিস্তরের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদি উত্তেজনা প্রশমনের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ঘটনায় সেই সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।সূত্র: রয়টার্স, এএফপি