ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস কেনা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টকে দেওয়ার একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। এর আওতায় ভারত ও চীনসহ রুশ জ্বালানির বড় ক্রেতা দেশগুলো শুল্কের ঝুঁকিতে পড়তে পারে।৭ আগস্ট শুক্রবার ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটি ৮৬-১১ ভোটে সিনেটে পাস হয়। একজন সদস্য ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। বিলটির প্রধান উদ্যোক্তা ছিলেন প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহাম।বিলে রাশিয়ার তেল ও গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল দেশগুলোর পণ্যে শাস্তিমূলক শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়ার প্রস্তাব রয়েছে। এই ক্ষমতা রাশিয়ার জ্বালানি বাণিজ্য থেকে পাওয়া রাজস্ব কমিয়ে ইউক্রেন যুদ্ধে মস্কোর অর্থায়ন দুর্বল করার উদ্দেশ্যে রাখা হয়েছে।তবে বিলটি পাস হওয়ার সঙ্গে সঙ্গে ভারত বা চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে না। এটি আইনে পরিণত হলে প্রেসিডেন্ট ওই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ফলে ভারত ও চীনসহ রাশিয়ার জ্বালানির বড় ক্রেতা দেশগুলো সম্ভাব্য শুল্কের মুখে পড়তে পারে।সিনেটে পাসের পর বিলটি এখন প্রতিনিধি পরিষদে যাবে। কংগ্রেসের নিম্নকক্ষ ৩১ আগস্ট গ্রীষ্মকালীন অবকাশ শেষে অধিবেশনে বসার কথা রয়েছে। প্রতিনিধি পরিষদে পাস হলে বিলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যাবে। প্রেসিডেন্ট স্বাক্ষর করলে তা আইনে পরিণত হবে।বিলে রাশিয়ার সরকারি কর্মকর্তা, ধনকুবের, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং দেশটির ছায়া নৌবহরের ওপরও নিষেধাজ্ঞা জোরদারের বিধান রয়েছে। পাশাপাশি ইরানের জ্বালানি ও অস্ত্র খাতসংক্রান্ত নিষেধাজ্ঞা বহাল রাখার ব্যবস্থাও রাখা হয়েছে।সূত্র: রয়টার্স