• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই ভাদ্র ১৪৩৩ সকাল ১০:০৪:২৭ (28-Aug-2026)
  • - ৩৩° সে:

হরমুজ প্রণালি খুলতে ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

২৮ আগস্ট ২০২৬ সকাল ০৯:১০:০১

হরমুজ প্রণালি খুলতে ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
“ছবি: সংগৃহীত”

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলা বন্ধের বিনিময়ে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে ওয়াশিংটন বা তেহরান আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেনি।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সম্প্রতি তেহরান সফরে গিয়ে ইরানি কর্তৃপক্ষের কাছে যুক্তরাষ্ট্রের এ প্রস্তাব পৌঁছে দেন। সফরে তিনি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাইয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকটিকে ‘স্পষ্ট ও সিদ্ধান্তমূলক’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

মার্কিন প্রস্তাবের আওতায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করা এবং ইরান-সমর্থিত আঞ্চলিক গোষ্ঠীগুলোর হামলা বন্ধ করার বিনিময়ে দেশটির ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধ প্রত্যাহারের কথা বলা হয়েছে। পাশাপাশি ২৪ আগস্ট ঘোষিত ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ স্থগিত বা বাতিলের প্রস্তাবও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মুনির ইরানকে জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের কাঠামো অনুযায়ী আবার কাজ শুরু করার আহ্বান জানান। একই সঙ্গে হরমুজ প্রণালির মাধ্যমে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব দেন।

তবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিপরীতে ইরান আগের অবস্থানেই রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। তেহরান যুক্তরাষ্ট্রকে আগে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধ প্রত্যাহারের মতো বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। ইরানি কর্মকর্তারা জুনের সমঝোতা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

এর আগে ২৪ আগস্ট মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে নতুন অর্থনৈতিক চাপের কর্মসূচি ঘোষণা করেন। এর লক্ষ্য ইরানের অর্থনৈতিক আয়ের উৎসগুলো সংকুচিত করা এবং দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞার চাপ বাড়ানো।

এদিকে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হওয়ায় এই জলপথে দীর্ঘস্থায়ী অচলাবস্থা বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









জাতীয় সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট
জাতীয় সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট
২৭ আগস্ট ২০২৬ রাত ০৯:২৮:১৯