আন্তর্জাতিক ডেস্ক: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দক্ষিণ অংশে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম। তেলবাহী ট্যাঙ্কার সমুদ্র মাইনের সংস্পর্শে আসায় এসব বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যমটি। খবর আনাদুলুর।
৮ অক্টোবর বৃহস্পতিবার বিস্ফোরণগুলো ঘটে বলে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের নির্ধারিত অনুমোদিত নৌপথ এড়িয়ে বিকল্প পথে চলাচলকারী কয়েকটি তেলবাহী ট্যাঙ্কার আগে থেকে পেতে রাখা সমুদ্র মাইনের সংস্পর্শে এসে বিস্ফোরণের শিকার হয়ে থাকতে পারে বলে দাবি করেছে ইরানি সামরিক সূত্র।
তবে বিস্ফোরণের ঘটনায় ঠিক কতটি জাহাজ জড়িত, সেগুলোর পরিচয় কী কিংবা কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। জাহাজগুলো সত্যিই মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা-ও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। পারস্য উপসাগর থেকে বিশ্ববাজারে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহনে এই প্রণালি ব্যবহৃত হয়। ফলে এ অঞ্চলে সামরিক উত্তেজনা বা জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাজারে উদ্বেগ তৈরি হতে পারে।
সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইরানের নির্ধারিত নৌপথ অনুসরণ এবং অনুমোদন ছাড়া চলাচলকারী বাণিজ্যিক জাহাজের দায় নিয়ে তেহরানের অবস্থানও নতুন করে আলোচনায় এসেছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ, সংশ্লিষ্ট জাহাজের অবস্থা এবং ঘটনার পূর্ণ বিবরণ জানতে আরও নির্ভরযোগ্য তথ্য প্রয়োজন।
সূত্র: রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available