ডেস্ক রিপোর্ট: ভারতের বন্দর-সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার, আমদানি-রপ্তানির প্রতিবন্ধকতা দূর করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সহজ করার বিষয়ে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। তিন বছর পর নয়াদিল্লিতে শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্যবিষয়ক যৌথ কর্মদলের বৈঠকের প্রথম দিনে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
৮ অক্টোবর বৃহস্পতিবার নয়াদিল্লিতে শুরু হওয়া দুই দিনব্যাপী ১৬তম যৌথ কর্মদলের বৈঠক শুক্রবারও চলবে। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে বিদ্যমান বাধা দূর করা এবং বাণিজ্যিক সম্পর্ক আরও সহজ করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
বৈঠকে বাংলাদেশের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের মুক্ত বাণিজ্য চুক্তি অনুবিভাগের অতিরিক্ত সচিব আয়েশা আক্তার। প্রতিনিধি দলে বাণিজ্য, রেলপথ ও পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের কর্মকর্তারা রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকের প্রথম দিনে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বন্দর-সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আমদানি-রপ্তানিতে শুল্ক ও অশুল্ক বাধা কমানো, স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহন স্বাভাবিক করা এবং দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ সহজ করার বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া পণ্যের মানদণ্ডের সমন্বয়, স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে বাণিজ্য সহজীকরণ, সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধ দূর করা এবং দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকার (সাফটা) উৎপত্তির নিয়মসহ বিভিন্ন কারিগরি বাণিজ্যিক বিষয় আলোচনায় উঠে আসে।
অন্যদিকে, ভারতীয় পক্ষ বাংলাদেশের আরোপিত তুলার সুতার ওপর বন্দর-সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে আলোচনা করে। এ ছাড়া পণ্যের মানদণ্ড, রেলপথে পণ্য পরিবহন এবং অভ্যন্তরীণ নৌপথে পরিবহনসংক্রান্ত বিভিন্ন বিষয়ও বৈঠকে উত্থাপন করা হয়।
বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা বাণিজ্যসংক্রান্ত সমস্যাগুলো সমাধানে নিয়মিত ও গঠনমূলক আলোচনা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন। দ্বিপক্ষীয় বাণিজ্যের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোই এ আলোচনার অন্যতম লক্ষ্য।
এর আগে গত ৩ আগস্ট বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্যবিষয়ক বিভিন্ন কারিগরি আলোচনা আয়োজনের প্রস্তাব দেয়। এর পরিপ্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ৭ ও ৮ অক্টোবর নয়াদিল্লিতে যৌথ কর্মদলের বৈঠক আয়োজনের বিষয়ে সম্মতি জানায়। পরে প্রতিনিধি দলের যাত্রাসংক্রান্ত কারণে বৈঠকের সময়সূচি পরিবর্তন করে ৮ ও ৯ অক্টোবর নির্ধারণ করা হয় বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ও ভারতের বাণিজ্যবিষয়ক যৌথ কর্মদলের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকায়। প্রায় তিন বছর পর আবারও এই প্রাতিষ্ঠানিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।
সূত্র: মানবজমিন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available