ডেস্ক রিপোর্ট: কুমিল্লার লালমাই উপজেলায় জান্নাতুল তাজমিন (১৪) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার জগতপুর এলাকার একটি নির্জন পাকা সড়কের পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল ও আশপাশের চার থেকে পাঁচটি ধানক্ষেতে ধস্তাধস্তি এবং দৌড়াদৌড়ির আলামত পাওয়া গেছে। এসব আলামত থেকে ধারণা করা হচ্ছে, হামলাকারীর হাত থেকে বাঁচতে কিশোরীটি পালানোর চেষ্টা করেছিল।
নিহত তাজমিন কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা আব্দুল আলিম ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনেটার কুমিল্লা অঞ্চলে কর্মরত। তাঁদের গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে। পরিবারটির সঙ্গে তাজমিন কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় ভাড়া বাসায় থাকত।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নির্জন সড়কের পাশে একটি সিএনজিচালিত অটোরিকশা উল্টে পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়। অটোরিকশা থেকে ২০-৩০ গজ দূরে একটি ভ্যানিটি ব্যাগ পড়ে ছিল। আশপাশের কয়েকটি ধানক্ষেতে ধানগাছ দুমড়েমুচড়ে যাওয়ার চিহ্নও দেখতে পান তাঁরা।
এসব চিহ্ন ধরে এগিয়ে গেলে একটি ধানক্ষেতে কাদার মধ্যে মুখ গোঁজা অবস্থায় তাজমিনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। তার গলায় গামছা প্যাঁচানো ছিল। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও অটোরিকশাটি উদ্ধার করে।
কুমিল্লার সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাজমিনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার শরীরে দৃশ্যমান বড় কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং অন্য কোনো নির্যাতনের ঘটনা ঘটেছিল কি না, তা নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে জব্দ করা নিবন্ধিত অটোরিকশার সূত্র ধরে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।
এদিকে, ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাতেই তাজমিনের মরদেহ নিয়ে যশোরের উদ্দেশে রওনা হন স্বজনরা। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
এ ঘটনায় তাজমিনের বাবা আব্দুল আলিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে লালমাই থানায় হত্যা মামলা করেছেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available