আন্তর্জাতিক ডেস্ক: কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি আজ ২৭ আগস্ট বৃহস্পতিবার তেহরান সফরে যাচ্ছেন। সফরে তিনি ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অর্থনৈতিক ও সামরিক—দুই ধরনের পদক্ষেপই ‘কার্যকর’ হচ্ছে। তেহরানের সঙ্গে আলোচনায় তিনি কোনো ধরনের ‘তাড়াহুড়ো’ করছেন না বলেও জানিয়েছেন।
আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের অবসানের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক পদক্ষেপ অব্যাহত রাখার ইঙ্গিত দেন।
এদিকে হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত কোনো বস্তু আঘাত হানার পর জাহাজটিতে আগুন ধরে যায়। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেমটিও এ তথ্য জানিয়েছে। তবে জাহাজটিতে হামলার ঘটনায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
অন্যদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি জানিয়েছেন, ওমানের সঙ্গে সাময়িকভাবে জাহাজ চলাচলের বিষয়ে একটি সমঝোতা হলেও হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে।
তিনি বলেন, গত ১৭ জুনের সমঝোতা স্মারকে যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতি দিয়েছিল, ওয়াশিংটনকে আগে সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নে ফিরতে হবে। এরপরই হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের বড় একটি অংশ এই জলপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে যায়। ফলে প্রণালিতে চলাচল বন্ধ বা সীমিত হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও দামের ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available