মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার নেতৃত্বে বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ১৯ সেপ্টেম্বর শনিবার বেলা ৩টার দিকে ভিডিওটি আপলোড করা হয়। তবে মিছিলটি মানিকগঞ্জের কোথায় এবং কখন হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওতে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে রয়েছে, “শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে”, “পরশ ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে” এবং “নিখিল ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে”। এছাড়া “মানিকগঞ্জ জেলা যুবলীগ, নেতা মোদের শেখ মুজিব” স্লোগানও দিতে শোনা যায়।
এ বিষয়ে যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। মিছিলের ভিডিওটি কবে ও কোথায় ধারণ করা হয়েছে, তা যাচাই করা সম্ভব হয়নি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, “এ ধরনের কোনো মিছিলের বিষয়ে আমাদের জানা নেই। সারারাত আমি, সার্কেল এসপিসহ পুলিশের আটটি টহল দল দায়িত্বে ছিল। সদর থানা এলাকায় এমন মিছিল হওয়ার তথ্য আমাদের কাছে নেই।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available