অনলাইন ডেস্ক: ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের নিবন্ধন প্রক্রিয়া আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে। এরপর আর নিবন্ধনের সময় বাড়ানো হবে না বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
ফলে নির্ধারিত এই সময়ের পর সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ থেকে ২০২৭ সালে কতসংখ্যক মানুষ হজ পালনের জন্য যেতে আগ্রহী, সেই চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে।
তবে নির্দিষ্ট কিছু শারীরিক জটিলতায় আক্রান্ত ব্যক্তি ছাড়াও নির্দিষ্ট বয়সের শিশু ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ প্যাকেজ ঘোষণা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সরকারি ও বেসরকারি মাধ্যমে হজযাত্রী নিবন্ধনের নিয়মে এ বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাক-নিবন্ধন ব্যতীত কোনো হজযাত্রী সরাসরি নিবন্ধন করতে পারবেন না। এ ক্ষেত্রে ১৫ বছরের কম বয়সী শিশু এবং দুরারোগ্য ব্যাধি ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে নিবন্ধন করতে পারবেন না। তবে ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সের শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তিরা ২০২৭ সালের হজে গমন করতে পারবেন।
ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আদালত বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক দেশত্যাগ বা সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে এমন ব্যক্তি আসন্ন হজে অংশ নিতে পারবেন না। পাশাপাশি দুরারোগ্য ব্যাধি যেমন: প্রধান কোনো অঙ্গের অকার্যকারিতা (হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনি), স্নায়ুবিক বা মানসিক ব্যাধিতে আক্রান্ত ও ডিমনেশিয়া রোগী, কেমোথেরাপি বা বায়োলজিক্যাল থেরাপি অথবা রেডিওথেরাপি নিচ্ছেন— এমন সক্রিয় ক্যানসার রোগী, জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে— এমন সক্রিয় সংক্রামক রোগ যেমন: যক্ষ্মা ও হেমোরেজিক ফিভারে আক্রান্ত রোগী ২০২৭ সালের হজে যেতে পারবেন না।
এ ছাড়াও গর্ভাবস্থার শেষ দুই মাস ও ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীরা আসন্ন হজে অংশ নিতে পারবেন না। তবে ৭০ ও তদূর্ধ্ব বয়সের ব্যক্তি হজে গমনে ইচ্ছুক হলে অনূর্ধ্ব ৫০ বছর বয়সের একজন সুস্থ ও শারীরিকভাবে সামর্থ্যবান হজযাত্রীকে সহযোগিতার জন্য সঙ্গে নিতে হবে বলেও জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সূত্র: চ্যানেল ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available