ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়াগামী একটি ফ্লাইটে চেক-ইন ও বোর্ডিং পাস সংগ্রহের পরও শেষ পর্যন্ত বিমানে ওঠেননি ৭৬ জন যাত্রী। বোর্ডিং গেটে পাঁচজন যাত্রীর ভিসা ও পাসপোর্টে অসঙ্গতি ধরা পড়ার পরপরই বাকি ৭১ জন বিমানবন্দর ত্যাগ করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঘটনাটি ঘটে ৪ জুলাই শনিবার দিবাগত রাতে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-মালয়েশিয়া রুটের বিজি-৩৮৬ ফ্লাইটটি রাত ৮টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। ফ্লাইটটিতে মোট ২৪৫ জন যাত্রীর ভ্রমণের কথা ছিল।
বিমানবন্দর সূত্রের বরাতে কালবেলার প্রতিবেদন থেকে জানা যায়, বোর্ডিংয়ের সময় পাঁচজন যাত্রীর ভিসার সঙ্গে পাসপোর্টের তথ্যের গরমিল ধরা পড়ে। পরে তাদের বিমানে উঠতে দেওয়া হয়নি। এ ঘটনার পরপরই একই ফ্লাইটের আরও ৭১ জন যাত্রী বিমানবন্দর ত্যাগ করেন। ফলে মোট ৭৬ জন যাত্রীই শেষ পর্যন্ত ফ্লাইটে ভ্রমণ করেননি।
সূত্র জানায়, সংশ্লিষ্ট যাত্রীরা চেক-ইন সম্পন্ন করে বোর্ডিং পাস সংগ্রহ করেছিলেন। তবে বোর্ডিং গেটে গিয়ে পাঁচজনের ভিসা জাল বা অসঙ্গতিপূর্ণ বলে শনাক্ত হয়। এ ঘটনায় প্রশ্ন উঠেছে, ভিসা যাচাইয়ের একাধিক ধাপ থাকা সত্ত্বেও তারা কীভাবে চেক-ইন ও ইমিগ্রেশন পার হয়ে বোর্ডিং গেট পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন।
বিমানবন্দর-সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, ফ্লাইটে না ওঠা ৭৬ জনই ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া যাচ্ছিলেন। তাদের মধ্যে কয়েকজনের বিদেশযাত্রার প্রকৃত উদ্দেশ্য নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সন্দেহ ছিল। এছাড়া একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় গিয়ে থেকে যাওয়ার পরিকল্পনার অভিযোগও রয়েছে। তবে এসব তথ্যের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
একজন প্রত্যক্ষদর্শী জানান, বোর্ডিং চলাকালে কয়েকজন যাত্রীকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের ভিসা সংক্রান্ত সমস্যা ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে বোর্ডিং লাইনে থাকা আরও কয়েকজন যাত্রী সরে যান। কিছু সময় পর কয়েকজনকে আনুষ্ঠানিকভাবে অফলোড করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে বিমানবন্দর সূত্র জানিয়েছে, ভিসা-সংক্রান্ত সমস্যার কারণে কয়েকজন যাত্রীকে ইমিগ্রেশন পুলিশ অফলোড করে। তাদের মধ্যে কয়েকজনের মালয়েশিয়া হয়ে সৌদি আরবে ওমরাহ পালনের পরিকল্পনা ছিল বলে জানা গেছে। বিদেশযাত্রার উদ্দেশ্য নিয়ে সন্দেহ দেখা দেওয়ায় তাদের বিমানে উঠতে দেওয়া হয়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available