আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আর্মেনিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস। ৪ জুলাই শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ দেওয়া এক পোস্টে তারা লিখেছে, ‘মানুষকে হত্যা করা যায়, আদর্শকে নয়’।
এর আগে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, আয়াতুল্লাহ আলী খামেনির কয়েকদিনব্যাপী জানাজা ও শেষ বিদায়ের আয়োজন চলাকালে, তিনি চাইলে সেখানে উপস্থিত সবাইকে হত্যা করতে পারতেন। তবে আলোচনার সুযোগ নষ্ট হয়ে যাবে ভেবেই তিনি এমনটি করেননি।
এ সময় ইরানিদের শোক প্রকাশ নিয়েও বিস্ময় প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, তার ধারণা ছিল, ইরানের জনগণ খামেনিকে ঘৃণা করে।
এর জবাবে, আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছে, ‘মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে নয়। আপনি আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছেন, কিন্তু বাস্তবে আপনি এমন একটি সুগন্ধির বোতল ভেঙেছেন, যার সুবাস সর্বত্র ছড়িয়ে পড়েছে। এসব বিষয় আপনি বুঝবেন না, কারণ আপনার নেই সভ্যতা, নেই ইতিহাস, নেই সম্মান।’
উল্লেখ্য, ইরানের প্রয়াত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনিকে বিদায় জানাতে সপ্তাহব্যাপী (৩-৯ জুলাই) রাষ্ট্রীয় আয়োজন করেছে ইরান। যেখানে উপস্থিত হচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথি থেকে শুরু করে ইরান সরকার এবং দেশটির সেনাবাহীনির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available