• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৩৪:৫১ (15-Jul-2026)
  • - ৩৩° সে:

ডাকাতের হামলায় গৃহবধূ নিহত, আহত আরেক নারী

১৫ জুলাই ২০২৬ দুপুর ১২:০৬:১৮

ডাকাতের হামলায় গৃহবধূ নিহত, আহত আরেক নারী

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে গভীর রাতে ডাকাতের হামলায় রিগান আক্তার মিম (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় একই পরিবারের আরেক গৃহবধূ সুমাইয়া আক্তার (২৪) আহত হন।

১৪ জুলাই মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে শাহরাস্তি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাত্তলা গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রিগান আক্তার মিম মৃত সেলিম বেপারীর পুত্রবধূ। তিনি আড়াই বছর বয়সী এক কন্যা ও চার মাস বয়সী এক ছেলে সন্তানের জননী। তার স্বামী রনি ঢাকায় কর্মরত। ঘটনার সময় বাড়িতে দুই গৃহবধূ, পরিবারের প্রবীণ সদস্য নুরুল ইসলাম এবং তিনটি শিশু ছিল।

আহত সুমাইয়া আক্তার জানান, রাতে সন্তানকে নিয়ে ঘুমিয়ে থাকার সময় মুখোশধারী দুই ব্যক্তি তার কক্ষে প্রবেশ করে ছুরির মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র দাবি করে। তিনি আলমারিতে থাকা জিনিসপত্র নিয়ে যেতে বললে দুর্বৃত্তরা তার হাত ওড়না দিয়ে বেঁধে ফেলে এবং হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। পরে তার কানের দুল, একটি আংটি ও অন্যান্য স্বর্ণালংকার নিয়ে পাশের কক্ষে চলে যায়।

তিনি আরও জানান, পাশের কক্ষ থেকে বড় জায়ের চিৎকার শুনলেও বাঁধা অবস্থায় তাকে সাহায্য করতে পারেননি।

পরিবারের প্রবীণ সদস্য নুরুল ইসলাম বলেন, রাতে বাড়ির প্রধান ফটকে তালা লাগিয়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। চিৎকার শুনে বাইরে এসে দেখেন, গেটের তালা খোলা এবং পরে দেখি সেটি বাড়ির বাইরে অক্ষত অবস্থায় পড়ে আছে।

প্রতিবেশী আনোয়ার হোসেন জানান, আর্তচিৎকার শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে ধস্তাধস্তির শব্দ শুনতে পান। পরে স্থানীয়দের খবর দেওয়া হলে মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা দেওয়া হয়। স্থানীয়রা বাড়িটি ঘিরে একটি জানালা খোলা দেখতে পান। ভেতরে প্রবেশ করে তারা সুমাইয়াকে বাঁধা অবস্থায় এবং অপর কক্ষে রিগান আক্তার মিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার গলায় ওড়না পেঁচানো ছিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। দুই শিশুসন্তানকে ঘিরে তাদের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ আলামত সংগ্রহ করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি মীর মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী বলেন, ‘ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। জড়িতদের দ্রুত গ্রেফতারে অভিযান চলছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






২৪ ঘণ্টায় ১৪ জন গ্রেফতার
২৪ ঘণ্টায় ১৪ জন গ্রেফতার
১৫ জুলাই ২০২৬ সকাল ১১:২৪:৫৫





Follow Us