আফতাবনগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত গুলিবিদ্ধ
ডেস্ক রিপোর্ট: রাজধানীর আফতাবনগরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. এস এম আরিফুল ইসলাম পাভেল (৩০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ তাকে ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে।১৩ আগস্ট বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আফতাবনগরের এম-ব্লকের ৫ নম্বর সেক্টরের ইস্ট অ্যান্ড হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশের দাবি, ওই এলাকায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে সেখানে অভিযান চালায় গুলশান ডিবির একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাভেল পিস্তল বের করে গুলি চালানোর চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে তার ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে।অভিযানে থাকা গুলশান ডিবির পরিদর্শক আনোয়ার বলেন, পরে পাভেলকে আটক করা হয়। তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।আহত অবস্থায় পাভেলকে রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশ জানায়, এ ঘটনায় বাড্ডা থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।আহত পাভেল ময়মনসিংহের গফরগাঁও থানার বাকেরগঞ্জ গ্রামের আবু সাদেক সর্দার বাদলের ছেলে। তিনি রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় বসবাস করেন।সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি