ডেস্ক রিপোর্ট: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদকে প্রতারণার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
২৬ আগস্ট বুধবার তার জামিন আবেদন খারিজ করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতারণার একটি মামলায় সাজাপ্রাপ্ত বিদিশাকে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাতে ঢাকার গুলশানের অ্যারাবিকা কফি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।
সেসময় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ হোসেন জানান, ‘গুলশান থানায় করা একটি প্রতারণা মামলায় বিদিশার ২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।’
চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম প্রতারণা মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন।
ঢাকার পল্লবী এলাকার ব্যবসায়ী এ কে এম মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় এ মামলা করেছিলেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, বারিধারায় একটি ফ্ল্যাটের জন্য ২০০১ সালের ১০ জুলাই বিদিশাকে ৭৫ লাখ টাকা দেন মোশাররফ। ২০০২ সালের ১০ জুলাই ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়ার কথা ছিল।
তবে কয়েক বছর পার হয়ে গেলেও ফ্ল্যাটটি হস্তান্তর করা হয়নি বলে অভিযোগ করেন বাদী।
পরে বিদিশা ৭৫ লাখ টাকার একটি চেক দিলেও অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় ২০০৫ সালের ২ মে চেকটি প্রত্যাখ্যাত হয়।
টাকা ফেরত পাওয়ার চেষ্টা করা হলে হুমকি-ধামকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করেন বাদী।
সূত্র: দ্য ডেইলি স্টার
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available