• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই বৈশাখ ১৪৩৩ রাত ১১:২৩:০০ (26-Apr-2026)
  • - ৩৩° সে:
অভিনেত্রী আশু রেড্ডির বিরুদ্ধে প্রতারণা মামলা

অভিনেত্রী আশু রেড্ডির বিরুদ্ধে প্রতারণা মামলা

বিনোদন ডেস্ক: বিগ বস তেলেগু খ্যাত টেলিভিশন অভিনেত্রী আশু রেড্ডি এবার আইনি জটিলতায় পড়েছেন। প্রায় ৯ কোটি ৩৫ লাখ টাকার প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।ভারতের হায়দরাবাদ সেন্ট্রাল ক্রাইম স্টেশন (সিসিএস) এ দায়ের করা এ মামলায় অভিযোগ করেছেন সত্যনারায়ণ নামের এক ব্যক্তি।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অভিযোগকারী দাবি করেছেন- ২০১৮ সালে লন্ডনে বসবাসরত তার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলের সঙ্গে আশু রেড্ডির পরিচয় হয়। সময়ের সঙ্গে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং অভিনেত্রী বিয়ের প্রতিশ্রুতি দেন।অভিযোগে বলা হয়েছে, সেই প্রতিশ্রুতির ভিত্তিতে কয়েক বছরে ওই যুবক আশু রেড্ডির পেছনে বিপুল অর্থ ব্যয় করেন। এর মধ্যে বিলাসবহুল গাড়ি, প্রায় পাঁচ কেজি স্বর্ণালংকার এবং একাধিক ফ্ল্যাট রয়েছে, যেগুলো অভিনেত্রীর নামে নিবন্ধন করা হয়।ভুক্তভোগী পরিবারের দাবি, বিয়ের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় তারা আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। পাশাপাশি আশু রেড্ডির বোনের বিরুদ্ধেও ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে হায়দরাবাদ পুলিশের ক্রাইম বিভাগের ডেপুটি কমিশনার এস. চৈতন্য কুমার জানান, প্রাথমিকভাবে এটি লিভ-ইন সম্পর্কের বিরোধ মনে হলেও বড় অঙ্কের আর্থিক লেনদেনের বিষয় সামনে আসায় বিষয়টি জটিল আকার নিয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হয়নি।এদিকে অভিযোগ অস্বীকার করে অভিনেত্রী আশু রেড্ডি সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে সতর্কবার্তা দিয়ে বলেছেন, তার অনুমতি ছাড়া ভুল তথ্য বা বিভ্রান্তিকর খবর ছড়ালে তিনি কঠোর আইনি ব্যবস্থা নেবেন।উল্লেখ্য, বিগ বস তেলেগুতে অংশ নেওয়ার পর আশু রেড্ডির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বাড়ে। এর আগেও একটি মাদক সংক্রান্ত মামলায় তার নাম জড়ালেও সে সময় অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি।