অনলাইন ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন এবং এক শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
১৪ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে তারা চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।
সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্বচন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিভিন্ন দাবিতে আন্দোলন করেন। ওই দিন পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন শ্রমিক আহত হন।
আজ সকালে কারখানাগুলোতে আহত এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে এটি ছিল গুজব। এ খবরকে কেন্দ্র করে শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।
এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারীরা। পরে জেলা পুলিশ ও বিজিবি সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। এরপর যানবাহন চলাচল শুরু হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছিল। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, শনিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ ছিল। পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের আন্দোলনের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা প্রবেশ করে। সকালে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে জড়ো হয়ে মহাসড়কে আসার পর নাশকতার অভিযোগে তাদের ২০ জনকে আটক করা হয়েছে।
এটিভি/ এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available