• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৩১:০৪ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে রাতের আঁধারে কৃষকের সবজি ক্ষেত কেটে নষ্ট

১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৯:১২

মানিকগঞ্জে রাতের আঁধারে কৃষকের সবজি ক্ষেত কেটে নষ্ট

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের আটিগ্রাম ইউনিয়নে রাতের আঁধারে এক কৃষকের সবজি ক্ষেত কেটে ও উপড়ে নষ্ট করার অভিযোগ উঠেছে।

১৪ নভেম্বর শনিবার সকালে জমিতে গিয়ে ফসলের এমন অবস্থা দেখতে পান তিনি। এর আগে ১৩ নভেম্বর দিবাগত রাতে ইউনিয়নের দক্ষিণ মালটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে ফুলকপি, বেগুন ও মুলার ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক মোহাম্মদ সাহেদ।

কৃষক সাহেদ অভিযোগ করেন, দুর্বৃত্তরা ফুলকপির গাছ কেটে, বেগুনগাছ কুপিয়ে এবং মুলার গাছ উপড়ে নষ্ট করেছে। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না। কারও সঙ্গে তার কোনো শত্রুতাও নেই বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

পদ্মা সেতুর টোল প্লাজায় নাশকতা: ডিসি অফিসের কর্মচারী জাহাঙ্গীরসহ গ্রেফতার ৪

তিনি জানান, কৃষিকাজই তার পরিবারের আয়ের একমাত্র অবলম্বন। পাঁচ ভাইয়ের যৌথ মালিকানাধীন ৪২ শতাংশ জমিতে তিনি বেগুন, ফুলকপি ও মুলার আবাদ করেছেন। এ ছাড়া ৯০ শতাংশ জমি ৪০ হাজার টাকায় বর্গা নিয়েছেন। এর অর্ধেক টাকা পরিশোধ করেছেন। চারা, সার ও বীজ কেনাসহ চাষাবাদে ইতোমধ্যে তার উল্লেখযোগ্য পরিমাণ টাকা খরচ হয়েছে। শুধু বেগুনের চারা কিনতেই ১২ হাজার টাকা এবং চারা রোপণে আরও প্রায় ৮ হাজার টাকা খরচ করেছেন বলে জানান তিনি।

দুই ছেলের পড়াশোনার খরচ চালাতেও তাকে হিমশিম খেতে হচ্ছে। তার এক ছেলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এবং অন্য ছেলে সরকারি দেবেন্দ্র কলেজে পড়াশোনা করে। ছেলের পড়াশোনার জন্য বাসা ভাড়া নিয়ে রাখাসহ নিয়মিত খরচ বহন করতে হয় তাকে।

ক্ষতিগ্রস্ত কৃষক সাহেদ বলেন, কৃষিকাজের ওপর নির্ভর করেই আমার সংসার চলে। দুই ছেলেকে লেখাপড়া করাচ্ছি। একজনের পেছনে অনেক টাকা খরচ হয়। এই ক্ষেতের ফসল বিক্রি করেই সংসার ও ছেলেদের পড়াশোনার খরচ চালানোর আশা ছিল। এখন ক্ষেত নষ্ট করে দেওয়ায় কীভাবে চলব, তা বুঝতে পারছি না।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার-১

ঘটনার পর সকালে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের খবর দিয়ে জমিতে নিয়ে যান তিনি। এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করেননি। কৃষি অফিস ও উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ক্ষতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তিনি।

আটিগ্রাম ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রবিউল হাসান বলেন, সকালে ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ক্ষেত দেখেছেন। কৃষক সাহেদ কৃষিনির্ভর মানুষ এবং তার দুই ছেলে পড়াশোনা করে। ফসল নষ্ট হওয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের জানিয়ে তাকে যতটুকু সম্ভব সহযোগিতার চেষ্টা করবেন।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ