অনলাইন ডেস্ক: শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন ফেরি চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আব্দুল বারী ড্যানির শর্তসাপেক্ষ আশ্বাসের পর ১৪ নভেম্বর শনিবার বেলা ১১টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করে ফেরি চলাচল স্বাভাবিক করেন কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে শনিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেন বিআইডব্লিউটিসির ফেরির কর্মকর্তা-কর্মচারীরা। এতে নৌরুটের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় প্রায় দেড় শতাধিক যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।
বিআইডব্লিউটিসি মাস্টার অ্যাসোসিয়েশনের (বীমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর রব বলেন, ‘চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন, আজকের মধ্যে মাস্টারকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন। তার আশ্বাসে আজকের মতো কর্মবিরতি প্রত্যাহার করেছি। অন্যথায় আগামীকাল থেকে সারা দেশে কর্মবিরতি পালন করব।’
জানা গেছে, গত শুক্রবার নরসিংহপুর ফেরিঘাটের কাছে ফেরি কাকলীর সঙ্গে একটি বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ হয়। এ সময় ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন শিক্ষার্থীকে চাপা দেয়। এতে তরিকুল ইসলাম (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়।
এ ঘটনায় চাঁদপুরের আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ি ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করে। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
তাদের দাবি ছিল, অন্যায়ভাবে মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি পরিচালনা করবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন তারা।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ‘বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা ও শর্তসাপেক্ষ আশ্বাসের পর মাস্টার অ্যাসোসিয়েশন কর্মবিরতি প্রত্যাহার করেছে। এরই মধ্যে ফেরি চলাচল চালু করা হয়েছে। বেলা ১১টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় ধীরে ধীরে দুই প্রান্তে আটকে থাকা যানবাহন পারাপার স্বাভাবিক হতে শুরু করেছে।’
এটিভি/ আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available