ডেস্ক রিপোর্ট: ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ ৩ জন নিহত হয়েছে। নিহত বাংলাদেশি আহমদ আলী ওরফে ছালেহ আহমেদের (৫৫) বাড়ি মৌলভীবাজারের বড়লেখায়।
১ মার্চ রোববার রাতে নিহতের স্বজনরা ছালেহ আহমেদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।


নিহত ছালেহ আহমদ বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে। তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ছালেহ আহমেদ দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করেন। সেখানে তিনি পানির গাড়ি চালাতেন। শনিবার তিনি নিয়মিত কাজে বের হয়েছিলেন। সন্ধ্যায় ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানে। এতে ছালেহ আহমেদসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছালেহ আহমেদের ছোট ভাইয়ের স্ত্রী শেলি বেগম জানান, শনিবার থেকেই তারা ছালেহ আহমেদের মৃত্যুর খবর শুনছিলেন, তবে নিশ্চিত হতে পারছিলেন না। তবে রোববার দুপুরে সংযুক্ত আরব আমিরাতে থাকা নিহতের সহকর্মীরা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ছালেহ আহমেদ কীভাবে মারা গেলেন জানতে চাইলে তিনি বলেন, তারা শুনেছেন ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে থাকা স্বজনরা হাসপাতালে মরদেহ দেখার জন্য যাচ্ছেন।
বড়লেখার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার মো. শাহজাহান নিহতের পরিচয় ও পরিবারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ছালেহ আহমেদের মৃত্যুর খবর শুনে তিনি দুপুরে তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন তিনি। তাকে হারিয়ে দিশেহারা নিহতের স্ত্রী-সন্তানরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available