আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর ২ মার্চ সোমবার বৈরুতের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণ উপশহরগুলোতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ড্রোন ও মিসাইল দিয়ে ইসরাইলের উপর আক্রমণ চালায়। এর জবাবে ইসরাইল এ হামলা চালায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈরুতে এক ডজনের বেশি বিস্ফোরণে কেঁপে ওঠে শহরটি। ২০২৪ সালে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধের পর থেকে দক্ষিণ উপশহরগুলোতে এটিই ছিল সবচেয়ে তীব্র হামলা।


লেবাননের নিরাপত্তা সূত্রগুলো জানায়, দাহিয়ে নামে পরিচিত দক্ষিণ উপশহরের বিভিন্ন এলাকায় বিমান হামলা হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা লেবাননজুড়ে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে এবং পরিস্থিতির জন্য হিজবুল্লাহকেই দায়ী করেছে। ইসরাইলের চিফ অব জেনারেল স্টাফ ইইয়াল জামির এক বিবৃতিতে বলেন, “হিজবুল্লাহ রাতারাতি ইসরাইলের বিরুদ্ধে একটি অভিযান শুরু করেছে এবং যে কোনো উত্তেজনার জন্য তারা পুরোপুরি দায়ী।”
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলা শুরুর পর এই প্রথম হিজবুল্লাহ ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল।
লেবাননের নিরাপত্তা সূত্র আরও জানায়, ইসরাইল দক্ষিণ লেবানন এবং পূর্ব লেবাননের বেকা উপত্যকাতেও বিমান হামলা চালিয়েছে।
শিয়া মুসলিম সংগঠন হিজবুল্লাহ, যা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে তেহরানের অন্যতম প্রধান মিত্র হিসেবে পরিচিত, এক বিবৃতিতে জানায় যে, খামেনিকে হত্যার প্রতিক্রিয়া এবং লেবাননের বিরুদ্ধে ইসরাইলের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই তারা এ আক্রমণ চালিয়েছে।
হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, “প্রতিরোধের নেতৃত্ব সবসময় জোর দিয়ে বলেছে, ইসরাইলি হামলা ও আমাদের নেতা, যুবক ও জনগণকে হত্যার ধারাবাহিকতা আমাদের আত্মরক্ষা এবং উপযুক্ত সময় ও স্থানে জবাব দেওয়ার অধিকার দেয়।”
ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, “ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহর অভিযানে যোগ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং সংগঠনটিকে ইসরাইল রাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠতে দেবে না।”
২০২৪ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবানন যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা ইসরাইল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে এক বছরের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটায়। ওই সংঘাতে ইসরাইলি হামলায় ইরান-সমর্থিত সংগঠনটি ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়ে। এরপর থেকে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। সূত্র: রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available