• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ রাত ১১:৪৩:২২ (11-Sep-2026)
  • - ৩৩° সে:
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ডেস্ক রিপোর্ট: মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন জামায়াতে ইসলামীর ১১ সংসদ সদস্য। রিটে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে।আজ ৩০ আগস্ট রোববার সকালে রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, ২০০১ সালেও মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের একইভাবে জেলাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সে সময় রিট করা হলে হাইকোর্ট বিভাগ দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। সেই নজিরের ভিত্তিতেই এবারও সিদ্ধান্তটির বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে বলে জানান তিনি।গত ২৭ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের দেশের ৬৪ জেলার দায়িত্ব দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি ওই প্রজ্ঞাপনে সই করেন।প্রজ্ঞাপনে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং অন্যান্য সাংবিধানিক ও আইনগত সংস্থার আইনগত ক্ষমতা খর্ব না করে সরকারের সার্বিক কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন।এ ছাড়া টেকসই উন্নয়ন, দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা বজায় রাখা, সুশাসন নিশ্চিত করা ও জাতীয় নিরাপত্তা রক্ষাসহ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরকারের কার্যক্রমে সমন্বয় ও তদারকির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের এই প্রজ্ঞাপন কতটা সাংবিধানিক ও আইনসম্মত—রিটে মূলত সেই বিষয়টি আদালতের নজরে আনা হয়েছে।সূত্র: আমার দেশ