• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৯:০৬:০৬ (15-May-2026)
  • - ৩৩° সে:
হামের চিকিৎসায় সরকারের কোনো গাফিলতি নেই: স্বাস্থ্যমন্ত্রী

হামের চিকিৎসায় সরকারের কোনো গাফিলতি নেই: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: হাম পরিস্থিতি মোকাবিলায় সরকারের কোনো গাফিলতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ টিকা সংগ্রহ করে বাংলাদেশ আন্তর্জাতিক মহলেও প্রশংসা পেয়েছে।১৫ মে শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গ্যাভি, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, বিশ্বের ইতিহাসে এত কম সময়ে এত বড় জনগোষ্ঠীর জন্য এত দ্রুত বিপুল পরিমাণ টিকা আর কোনো দেশ সংগ্রহ করতে পারেনি, যা বাংলাদেশ করেছে।’তিনি আরও বলেন, ‘বিগত সরকার একটি ভেন্টিলেটরও রেখে যায়নি, এমনকি হাম প্রতিরোধের টিকাও মজুত ছিল না। বর্তমান সরকার শূন্য হাত থেকেই কাজ শুরু করেছে।’সরদার সাখাওয়াত হোসেন জানান, ‘বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছে। আগামী মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আরও ১০টি জেলায় নতুন আইসিইউ ইউনিট চালু করা হবে। প্রতিটি জেলায় ১২টি করে ভেন্টিলেটর ও ১২টি অক্সিজেন কনসেন্ট্রেটর দেওয়া হচ্ছে। এর ফলে গুরুতর রোগীদের আরও দ্রুত ও উন্নত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে।’স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আইসিডিডিআরবির চিকিৎসক ডা. তাহমিদ শিশুদের শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। এই পদ্ধতিতে ফুসফুস ঠিকভাবে কাজ না করলে অক্সিজেন সরবরাহে সহায়তা করা যায় এবং সেটি শিশুদের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে।তিনি জানান, এই রোগ ছড়িয়ে পড়ার বড় কারণ পুষ্টির অভাব। শিশুদের বছরে দুইবার ভিটামিন এ ক্যাপসুল দেওয়ার কথা থাকলেও ২০২৪ সালের শেষে মাত্র একবার দেওয়া হয়েছে এবং ২০২৫ সালে এখন পর্যন্ত কোনো ভিটামিন এ ক্যাম্পেইন হয়নি।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী ১০ জুনের মধ্যে ইউনিসেফ থেকে প্রচুর ভিটামিন এ পাওয়া যাবে। এরপর দেশজুড়ে ভিটামিন এ ক্যাম্পেইন চালানো হবে।’তিনি আরও বলেন, মায়েদের পুষ্টিহীনতা, শিশুদের পর্যাপ্ত পুষ্টির অভাব এবং নবজাতককে পর্যাপ্ত বুকের দুধ খাওয়াতে না পারার কারণেও শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা কমে যাচ্ছে, ফলে হাম বেশি ছড়িয়ে পড়ছে।