• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই শ্রাবণ ১৪৩৩ ভোর ০৪:০৫:২৭ (29-Jul-2026)
  • - ৩৩° সে:
ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেন ডিফেন্ডার

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেন ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক: একসময় ফুটবল মাঠে ঝাঁকড়া চুলের বাবরি দোলানো তারকাদের দেখা যেত নিয়মিত। আশির দশক থেকে দুই হাজার সালের আগ পর্যন্ত এই স্টাইল ছিল বেশ জনপ্রিয়। কার্লোস ভালদেরামো, ডেভিড বেকহ্যাম, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও রোনালদিনহোর মতো তারকারা ছিলেন এই ধারার প্রতিনিধিত্বকারী।বর্তমান সময়ে ফুটবলারদের চুলের স্টাইলে এসেছে পরিবর্তন। বেশিরভাগ খেলোয়াড়ই ফেড কাট বা ছোট চুলে মাঠে নামেন। তবে ব্যতিক্রম হিসেবে এখনও ঝাঁকড়া চুল ধরে রেখেছেন স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়া, ফ্রান্সের মাতেও গুয়েন্ডোজি ও বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী।তবে কুকুরেয়ার লম্বা চুল রাখার পেছনের গল্প কোনো ফ্যাশনের বিষয় নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে এক আবেগঘন পারিবারিক ঘটনা।২৮ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডার জানিয়েছেন, তার বড় ছেলে মাতেওর জন্যই তিনি চুল কাটেন না। কুকুরেয়ার তিন সন্তান- মাতেও, রিও ও বেলা। এর মধ্যে বড় ছেলে মাতেও অটিজমে আক্রান্ত। তিন বছর বয়সে তার এই সমস্যা ধরা পড়ে।কুকুরেয়া জানান, মাতেও তার বাবার লম্বা চুল পছন্দ করে। এ কারণেই তিনি চুল বড় রেখেছেন। তার ভয়, কখনো যদি ছেলে তাকে ভুলে যায়, তাহলে এই চুল দেখে যেন তাকে চিনতে পারে।নিজের লম্বা চুলের পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কুকুরেয়া বলেন, ‘আমার বিশেষ চাহিদাসম্পন্ন একটি ছেলে আছে। টাকা-পয়সার অভাব থাকলেও চলত, কিন্তু আমার ছেলে যদি সুস্থ থাকত, সেটাই আমার সবচেয়ে বড় চাওয়া ছিল। চুল বড় করেছি, কারণ আমার ছেলে এটা পছন্দ করে। এক মুহূর্তের জন্যও যদি সে আমাকে ভুলে যায়, অন্তত এই চুল দেখে যেন আমাকে চিনতে পারে।’