স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের মাধ্যমে শুধু ট্রফিই নয়, রেকর্ড পরিমাণ প্রাইজমানিও ঘরে তুলেছে স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়া দলটি পুরস্কার হিসেবে পাচ্ছে ৫ কোটি মার্কিন ডলার।
ফিফা এর আগে ২০২৬ বিশ্বকাপের জন্য মোট ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের প্রাইজমানি ঘোষণা করেছিল, যা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। এই অর্থ ৪৮টি অংশগ্রহণকারী দলের মধ্যে বিভিন্ন ধাপে বণ্টন করা হবে।
চ্যাম্পিয়ন স্পেন পাচ্ছে ৫ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৬ কোটি টাকার সমান (বিনিময় হারভেদে অঙ্ক কিছুটা পরিবর্তিত হতে পারে)। অন্যদিকে রানার্সআপ আর্জেন্টিনা পাচ্ছে ৩ কোটি ৩০ লাখ ডলার, যার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০৬ কোটি টাকা।
তৃতীয় স্থান অর্জনকারী ইংল্যান্ডের প্রাইজমানি ২ কোটি ৯০ লাখ ডলার, আর চতুর্থ হওয়া ফ্রান্স পাবে ২ কোটি ৭০ লাখ ডলার।
এ ছাড়া কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চার দল—মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড—প্রত্যেকে পাবে ১ কোটি ৯০ লাখ ডলার। রাউন্ড অব ১৬ থেকে বিদায় নেওয়া আটটি দল পাবে ১ কোটি ৫০ লাখ ডলার করে এবং রাউন্ড অব ৩২ থেকে বিদায় নেওয়া ১৬টি দলের প্রত্যেকের জন্য বরাদ্দ ১ কোটি ১০ লাখ ডলার।
অন্যদিকে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ৯০ লাখ ডলার। এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণ ও প্রস্তুতি ব্যয় বাবদ প্রতিটি দলের জন্য অতিরিক্ত ১৫ লাখ ডলার বরাদ্দ রেখেছে ফিফা। ফলে ৪৮টি অংশগ্রহণকারী দলের প্রত্যেকের জন্য ন্যূনতম ১ কোটি ৫ লাখ ডলার নিশ্চিত হয়েছে।
বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর জন্য এটি ফিফার ইতিহাসে সবচেয়ে বড় প্রাইজমানি কাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: ইএসপিএন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available