স্পোর্টস ডেস্ক: স্পেন ও মিশরের মধ্যকার প্রীতি ম্যাচে বৈষম্যমূলক স্লোগান দেওয়ার ঘটনায় স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ ঘটনায় ফেডারেশনকে ২০ হাজার ডলার জরিমানা করার পাশাপাশি পরবর্তী আন্তর্জাতিক ম্যাচে স্টেডিয়ামের ১৫ শতাংশ আসন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কা।
গত ৩১ মার্চ কর্নেয়ায় আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত স্পেন ও মিশরের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ম্যাচ চলাকালে গ্যালারির একাংশ থেকে ‘যে লাফাবে না, সে মুসলিম’—এমন বৈষম্যমূলক স্লোগান দেওয়া হয়। এ ছাড়া ম্যাচ শুরুর আগে মিশর জাতীয় সংগীতের সময়ও দুয়োধ্বনি দেওয়া হয়। রেফারির প্রতিবেদনে এসব ঘটনার উল্লেখ থাকায় ফিফা কয়েক মাস আগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করে।
ফিফার শাস্তির আওতায় স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে জরিমানা করার পাশাপাশি পরবর্তী আন্তর্জাতিক ম্যাচে স্টেডিয়ামের ধারণক্ষমতার ১৫ শতাংশ অংশ বন্ধ রাখতে হবে। স্পেন জাতীয় দলের সূচি অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: রিয়াল মাদ্রিদের দুর্দান্ত কামব্যাক, ম্যানসিটির জয়রথ থামলো পিএসজি
ম্যাচ চলাকালে স্টেডিয়ামের মাইক্রোফোন ও বড় পর্দায় বৈষম্যবিরোধী বার্তা প্রচার করা হয়। দর্শকদের এ ধরনের আচরণ থেকে বিরত রাখার চেষ্টা করা হলেও খেলার বিভিন্ন সময়ে স্লোগানগুলো আবারও শোনা যায়। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কাতালোনিয়ার পুলিশ বাহিনী মোসোস দে’এসকোয়াদ্রা এবং বিদ্বেষমূলক অপরাধবিষয়ক পাবলিক প্রসিকিউটরের কার্যালয়।
ঘটনাটি বিশেষভাবে আলোচনায় আসে স্পেনের মুসলিম ফুটবলার লামিনে ইয়ামালের উপস্থিতির কারণে। ম্যাচের পর তিনি প্রকাশ্যে এ ঘটনার নিন্দা জানান। স্প্যানিশ ফুটবল ফেডারেশন, জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং স্পেনের বিভিন্ন প্রতিষ্ঠানও এ ঘটনার সমালোচনা করে।
সূত্র: রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available