হাম উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৫৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। ১২ সেপ্টেম্বর শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ১ হাজার ১৯ শিশুর প্রাণহানি হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৯১৯ শিশু ও হামে আক্রান্ত হয়ে ১০০ শিশুর মৃত্যু হয়েছে।এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ শিশুর হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৮১৬ শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ১ লাখ ৭০ হাজার ৬৩৮ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ২০ হাজার ৬ শিশুর হাম শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ শনিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫০ হাজার ২০২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৪৪ হাজার ৪৮৫ শিশু ছাড়পত্র পেয়েছেন।