বিশ্বকাপের আমেজে মেক্সিকোতে ৭৫০ গণবিয়ে
আন্তর্জাতিক ডেস্ক: আর মাত্র একদিন পর স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। শিরোপা নির্ধারণী এই ম্যাচকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার মধ্যেই প্রেম ও ফুটবলের অনন্য মেলবন্ধনের সাক্ষী হয়েছে মেক্সিকোর গুয়াদালাহারা শহর।১৮ জুলাই শুক্রবার ফিফা ফ্যান ফেস্টিভ্যাল প্রাঙ্গণে আয়োজিত এক গণবিয়েতে ৭৫০টি জুটি আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া অনেক নবদম্পতিকে প্রথাগত বিয়ের পোশাকের পাশাপাশি নিজেদের প্রিয় ফুটবল দলের জার্সি এবং মেক্সিকো জাতীয় ফুটবল দলের ঐতিহ্যবাহী সবুজ জার্সি পরে বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নিতে দেখা যায়।বিয়ে সম্পন্ন হওয়ার পর নবদম্পতিরা একে অপরকে শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেন। এ সময় উপস্থিত দর্শনার্থী ও স্বেচ্ছাসেবকেরা করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানান।গণবিয়েতে অংশ নেওয়া এক দম্পতি জানান, দীর্ঘদিন ধরে বিয়ের পরিকল্পনা থাকলেও উপযুক্ত সুযোগ পাচ্ছিলেন না। বিশ্বকাপের উন্মাদনার মধ্যে জীবনের এই বিশেষ দিনটি উদযাপন করতে পেরে তারা আনন্দিত।আরেক নবদম্পতির ভাষ্য, এই আয়োজন তাদের জীবনের দুটি বড় ভালোবাসাকে এক সুতোয় বেঁধেছে- ফুটবলের প্রতি ভালোবাসা এবং একে অপরের প্রতি ভালোবাসা। একই সঙ্গে তারা মেক্সিকোর জাতীয় ফুটবল দলের প্রতি নিজেদের সমর্থন ও গর্বের কথাও জানান।আয়োজক কমিটি জানায়, বিশেষ এই আয়োজনে মোট ৭৫০টি জুটি নিবন্ধন করেছিল। বিশ্বকাপের উৎসবমুখর আবহে তাদের আইনি ও সামাজিকভাবে বিবাহ সম্পন্ন করা হয়, যা গুয়াদালাহারা শহরের বিশ্বকাপ উদযাপনে যোগ করেছে ভিন্ন মাত্রা।