• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১২:৪৮:৩২ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

বিশ্বকাপের আগে মেক্সিকোতে শিক্ষকদের বিক্ষোভ, নিরাপত্তা শঙ্কা

৪ জুন ২০২৬ দুপুর ০১:১৪:২২

বিশ্বকাপের আগে মেক্সিকোতে শিক্ষকদের বিক্ষোভ, নিরাপত্তা শঙ্কা

স্পোর্টস ডেস্ক: আর মাত্র এক সপ্তাহ পর মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। তবে টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে শিক্ষকদের চলমান আন্দোলন নতুন করে নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে। এতে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দল ও আয়োজকদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।

গত বুধবার মেক্সিকো সিটিতে বিক্ষোভকারী শিক্ষকরা শিক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন। এ সময় তারা ল্যাম্পপোস্ট ব্যবহার করে সরকারি ভবনের ওপর হামলা চালান বলে জানা গেছে।

এর আগের দিন মঙ্গলবার কট্টরপন্থী শিক্ষক সংগঠন সিএনটিই এর একদল সদস্য বিশ্বকাপ উপলক্ষে স্থাপন করা কয়েকজন ফুটবলারের বিশাল প্লাস্টিকের মূর্তি দড়ি দিয়ে টেনে ফেলে দেন। পরে মূর্তিগুলোর গায়ে থাকা জার্সি খুলে তাতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।

এ পরিস্থিতিতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শিনবাউম স্পষ্টভাবে জানিয়েছেন, সরকার কোনোভাবেই বলপ্রয়োগ বা দমন-পীড়নের পথে যাবে না। নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিক্ষোভকারীরা বিশ্বকাপ শুরুর আগে সরকারকে দমনমূলক পদক্ষেপ নিতে প্ররোচিত করতে চাইছে। তবে সরকার সেই পথে হাঁটবে না এবং আলোচনার মাধ্যমেই সংকট সমাধানের চেষ্টা করবে।

আন্দোলনরত শিক্ষকরা মূলত বেতন বৃদ্ধি এবং পেনশন ব্যবস্থার সংস্কার নিয়ে সরকারের সঙ্গে আলোচনার দাবি জানিয়ে আসছেন। তাদের অভিযোগ, বর্তমান প্রস্তাব তাদের প্রত্যাশা পূরণ করছে না।

শিক্ষক ইউনিয়ন সিএনটিই হুঁশিয়ারি দিয়েছে, দাবি আদায় না হলে আগামী ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বৃহৎ গণবিক্ষোভ আয়োজন করা হবে।

সরকারি সূত্রে জানা গেছে, সরকারের সঙ্গে সিএনটিই এর ৯ শতাংশ বেতন বৃদ্ধির বিষয়ে একটি সমঝোতা হলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, শিক্ষকদের বেতন ১০০ শতাংশ বৃদ্ধি করতে হবে।

উল্লেখ্য, মেক্সিকোর সরকারি বিদ্যালয়গুলোতে একজন শিক্ষকের মাসিক প্রারম্ভিক মোট বেতন বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬ হাজার টাকা (৮৩৩ ইউরো)।

বিশ্বকাপের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সরকারের সঙ্গে শিক্ষকদের এই অচলাবস্থা আয়োজকদের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে। যদিও সরকার আলোচনার পথ খোলা রেখেছে, তবুও চলমান আন্দোলন টুর্নামেন্টের পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us