মঙ্গলবার ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট”: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক একটি বিশেষ কর্মসূচির উদ্বোধন করবেন।যুবসমাজের উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা এবং উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।আগামীকাল সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করবেন এবং আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া সূচনা বক্তব্য রাখবেন।এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক এবং অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যাপক ড. মো. মোরশেদ হাসান খান স্বাগত বক্তব্য রাখবেন।উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এরপর সফল স্টার্টআপ উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় পর্ব ‘গল্প নয়, সত্যি’ অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে স্টার্টআপ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষার্থীদের মধ্যে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে নির্বাচিত স্টার্টআপ উদ্যোক্তাদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হবে।অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হবে ‘ন্যাশনাল স্টার্টআপ অ্যান্ড এন্টারপ্রেনারশিপ প্ল্যাটফর্ম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন। এই ডিজিটাল প্ল্যাটফর্মটি উদ্যোক্তাদের জন্য জাতীয় পর্যায়ের একটি সমন্বিত সেবা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।এ প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তারা সহজেই সরকারি সহায়তা কর্মসূচি, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরশিপ, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট বিভিন্ন সেবা একক প্ল্যাটফর্মে পাবেন।উদ্যোক্তা উন্নয়নে সমন্বয় জোরদার, সেবা সহজীকরণ এবং কার্যকর জাতীয় স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।আইসিটি বিভাগ বর্তমানে তরুণদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব উদ্যোগে রূপ দিতে, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা উৎসাহিত করা এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে বিভিন্ন সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে।প্রাথমিক ধারণা, প্রশিক্ষণ ও মেন্টরিং থেকে শুরু করে অর্থায়ন, বিনিয়োগ সংযোগ এবং ব্যবসা সম্প্রসারণ পর্যন্ত উদ্যোক্তাদের পুরো যাত্রাপথে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে তরুণ ও নারীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানো এখন জাতীয় অগ্রাধিকার। এ লক্ষ্যে বর্তমান সরকারের ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিগত রূপান্তরের জন্য স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।এ প্রতিশ্রুতির অংশ হিসেবে সম্ভাবনাময় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়ন ও সহায়তা দিতে ইতোমধ্যে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে।উদ্বোধনী পর্ব শেষে আগামীকাল দুপুর ১টা থেকে অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।