• ঢাকা
  • |
  • শনিবার ১০ই আশ্বিন ১৪৩৩ ভোর ০৫:১৬:১১ (26-Sep-2026)
  • - ৩৩° সে:
রেমিট্যান্স প্রবাহে ১৩.৬ শতাংশ প্রবৃদ্ধি, ২৩ দিনে এল ৮ বিলিয়ন ডলারের বেশি

রেমিট্যান্স প্রবাহে ১৩.৬ শতাংশ প্রবৃদ্ধি, ২৩ দিনে এল ৮ বিলিয়ন ডলারের বেশি

ডেস্ক রিপোর্ট: চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই দেশের প্রবাসী আয়ে (রেমিট্যান্স) বড় ধরনের উর্ধমুখী প্রবণতা দেখা দিয়েছে। ১ জুলাই থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশে ৮০২ কোটি ২০ লাখ (৮.০২২ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭০৬ কোটি ৪০ লাখ (৭.০৬৪ বিলিয়ন) ডলার। এতে প্রবাসী আয় প্রবাহে ১৩.৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৩ দিনেই প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২১৯ কোটি ৬০ লাখ (২.১৯৬ বিলিয়ন) ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২১৬ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে কেবল সেপ্টেম্বরের এই সময়েই প্রবাসী আয় বেড়েছে ১.৫ শতাংশ। এর মধ্যে গত ২৩ সেপ্টেম্বর একদিনেই এসেছে ৬ কোটি ২০ লাখ ডলার।প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের উন্নতি দেশে মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা টাকাকে শক্তিশালী করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, রেমিট্যান্স বাড়ায় ব্যাংকিং খাতে তারল্য পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, যা মুদ্রা বাজারের ওপর চাপ অনেকাংশে কমিয়ে এনেছে।প্রতিবেদন অনুযায়ী, ডলারের দর সম্প্রতি ১২৩ টাকা ৯৫ পয়সা থেকে কমে ১২৩ টাকায় নেমে এসেছে। গত সাড়ে পাঁচ বছর ধরে টাকার মান ধারাবাহিকভাবে কমার যে প্রবণতা চলছিল, প্রবাসী আয়ের ওপর ভর করে চলতি বছরের দ্বিতীয়ার্ধে এসে সেই ধারায় ইতিবাচক পরিবর্তনের সংকেত দেখা যাচ্ছে।