• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:০৭:৪৬ (13-Mar-2026)
  • - ৩৩° সে:
শিবালয়ে সেলফি পরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে যুবক আটক

শিবালয়ে সেলফি পরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে যুবক আটক

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলা এলাকায় সেলফি পরিবহনের বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগে সুব্রত কুমার বিশ্বাস (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের উথলী-পাটুরিয়া সংযোগ মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সুব্রত উপজেলার বেলতা গ্রামের নিতাই বিশ্বাসের ছেলে।পুলিশ জানায়, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট উথলী-পাটুরিয়া মোড়ে যাত্রী উঠানামার জন্য সেলফি পরিবহনের নির্ধারিত স্টপেজ রয়েছে। অভিযোগ রয়েছে, একটি সংঘবদ্ধ চক্র এ সুযোগে প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা আদায় করছিল।অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে চক্রের আরও ২-৩ জন সদস্য পালিয়ে যায়। এ সময় সুব্রতকে চাঁদা আদায়ের নগদ ১ হাজার ৫৬০ টাকাসহ আটক করে থানায় নেওয়া হয়।পাটুরিয়া ঘাটের সেলফি পরিবহন মালিক সমিতির প্রতিনিধি সুলতান হোসেন বলেন, উথলী মোড়ে সমিতির নিজস্ব লোকজনকে সরিয়ে প্রতিটি বাস থেকে জোরপূর্বক চাঁদা তোলা হচ্ছিল। বিষয়টি পুলিশকে জানানো হলে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে।আটকের বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, চাঁদা আদায়ের অভিযোগে সুব্রত নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সেলফি পরিবহনের লাইনম্যান মিজানুর রহমান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।