কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫, অধিকাংশই শিশু-কিশোর
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যেও কয়েকজনের অবস্থা গুরুতর।৫ সেপ্টেম্বর শনিবার গভীর রাতে দেশটির ফোগো দ্বীপে এ দুর্ঘটনা ঘটে বলে সাংবাদিকদের জানিয়েছেন দ্বীপটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জোসে কানুতো।তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৩২ জন যাত্রী ছিলেন। এটি একটি স্কুলের শিক্ষাসফরের বাস ছিল। পিকো দো ফোগো আগ্নেয়গিরির মৃত জ্বালামুখের কাছে অবস্থিত চা দাস কালদেইরাস গ্রামে শিক্ষাসফর শেষে সাও ফিলিপ শহরে ফেরার পথে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গভীর গিরিখাতে পড়ে যায়।শিক্ষাসফরটির আয়োজন করেছিলেন বাসটির চালক। প্রতি বছর নিজ খরচে কয়েকজন স্কুলশিক্ষার্থীকে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষাসফরে নিয়ে যেতেন তিনি। এবারও শিক্ষার্থীদের নিয়ে সফরে বেরিয়েছিলেন। দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন।দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকর্মীরা রাতভর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করেন। দুর্গম ও পাথুরে উপত্যকায় গিয়ে উদ্ধারকাজ চালাতে তাদের বেশ বেগ পেতে হয়।রোববার ভোরে দুর্ঘটনায় নিহত সাতজনকে দাফন করা হয়েছে। রেড ক্রস অব কেপ ভার্দে (আরসিভি) জানিয়েছে, নিহত অন্যদেরও দিনের পরবর্তী সময়ে দাফন করার কথা ছিল।কেপ ভার্দেতে এ ধরনের সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে বিরল। দেশটির সড়ক যোগাযোগব্যবস্থা ও যানবাহনের মান সাধারণত ভালো হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার ঘটনা খুব বেশি দেখা যায় না।সূত্র: এএফপি ও এনডিটিভি