নতুন তিন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
অনলাইন ডেস্ক: দেশে আরও তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন উপজেলাগুলো হলো- চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও এবং কুমিল্লার বাঙ্গরা।৮ জুলাই বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভার সিদ্ধান্তের আলোকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন- বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন করা হয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের অফিস সেটআপও অনুমোদন দেওয়া হয়েছে।অন্য প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার আটটি ইউনিয়ন- মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন করা হয়েছে। এ উপজেলার জন্যও প্রয়োজনীয় সরকারি অফিসের সেটআপ অনুমোদন করা হয়েছে।এদিকে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন- শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধৈইর (পূর্ব), পূর্বধৈইর (পশ্চিম), বাঙ্গরা (পূর্ব), বাঙ্গরা (পশ্চিম), চাপিতলা, রামচন্দ্রপুর (উত্তর) ও টনকী নিয়ে বাঙ্গরা উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এ উপজেলার বিভিন্ন সরকারি কার্যালয়ের অফিস সেটআপও অনুমোদন দিয়েছে সরকার।প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন উপজেলা গঠনের ফলে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহজ হবে।