স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বিএনপি নেতা এসএম ওবায়দুল হক নাসিরকে টাঙ্গাইল জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
১৬ মার্চ সোমবার জেলা পরিষদে যোগদান করে প্রথম অফিস করেছেন এসএম ওবায়দুল হক নাসির। এর আগে ১৫ মার্চ রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করে।


টাঙ্গাইল জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসির গত পার্লামেন্ট ইলেকশনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন। কিন্তু বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সাবেক এমপি ও প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদের কাছে তিনি পরাজিত হন। এই আসনে লুৎফর রহমান খান আজাদ এক লাখ ৬ হাজার ৭৯৪ ভোট পেয়ে জয়লাভ করেন। আর বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এসএম ওবায়দুল হক নাসির ৮১ হাজার ৭৩৪ ভোট পেয়ে পরাজিত হন।

টাঙ্গাইল জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম ওবায়দুল হক নাসির জানান, তাকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী যে তার উপর আস্থা রেখেছেন সে মর্যাদা তিনি রক্ষা করবেন।
তিনি জানান, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available