হিন্দু নারীকে বিয়ে করায় পুড়ানো হলো আমির খানের কুশপুত্তলিকা
বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ে ঘিরে ভারতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বিহারের ফোরবেসগঞ্জ এলাকায় হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের একাংশ তার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা আমির খানের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে তার কুশপুত্তলিকা দাহ করেন এবং সরকারের কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেন। বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।বজরং দলের স্থানীয় নেতা মনোজ সোনি অভিযোগ করেন, আমির খান বারবার হিন্দু নারীকে বিয়ে করছেন এবং এ ধরনের ঘটনা সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর। তিনি এ বিষয়ে সরকারের হস্তক্ষেপও দাবি করেন।এদিকে, লেখিকা তসলিমা নাসরিনও সামাজিক যোগাযোগমাধ্যমে আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেছেন। তবে তার মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হলেও এ বিষয়ে অভিনেতা এখনো কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানাননি।ব্যক্তিগত জীবনে আমির খান ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেন। ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে সেই দাম্পত্যেরও ইতি ঘটে। সম্প্রতি দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্র্যাটকে বিয়ে করে তৃতীয়বারের মতো বৈবাহিক জীবনে পা রেখেছেন এই অভিনেতা।সূত্র: এনডিটিভি