• ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:০৬:১৩ (05-Jul-2026)
  • - ৩৩° সে:

সাবেক স্ত্রীদের উপস্থিতিতে তৃতীয় বিয়ে করলেন আমির খান

৫ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪৩:২৩

সাবেক স্ত্রীদের উপস্থিতিতে তৃতীয় বিয়ে করলেন আমির খান

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা আমির খান ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন।

৫ জুলাই রোববার মুম্বাইয়ের পালি হিলে আমিরের বাসভবনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্ত ও চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেছিলেন। বিচ্ছেদের পরও সাবেক দুই স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তিনি। বিয়ের অনুষ্ঠানে রীনা দত্ত ও কিরণ রাওও উপস্থিত ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, অনুষ্ঠানে গৌরী স্প্র্যাট আইভরি রঙের লেসের সালোয়ার-কামিজ পরেছিলেন। গলায় ছিল গয়না এবং চুলে ফিশটেইল বেণি। অন্যদিকে আমির খানের পরনে ছিল ক্রিম রঙের কুর্তা, যার সঙ্গে একটি ব্রোচ ছিল। বিয়ের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিয়ের আগে ডেকান ক্রনিকলকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানান, জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে তারা নিবন্ধিত ও ঘরোয়া বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, এটি খুবই সাধারণ একটি অনুষ্ঠান, যেখানে শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন।

গৌরী স্প্র্যাট বর্তমানে আমির খান প্রোডাকশনসের সঙ্গে যুক্ত রয়েছেন। এর আগে তিনি বেঙ্গালুরুভিত্তিক একটি সেলুন চেইনে কাজ করতেন। আগের সংসারে তার সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে।

২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে গণমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। সে সময় তিনি জানান, প্রায় ২৫ বছর আগে তাদের প্রথম পরিচয় হয়েছিল। পরে চাচাতো বোন নুজহাত খানের মাধ্যমে আবার যোগাযোগ হয় এবং সেখান থেকেই তাদের সম্পর্কের নতুন সূচনা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us