• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আষাঢ় ১৪৩৩ সকাল ১১:৩৯:০৯ (04-Jul-2026)
  • - ৩৩° সে:

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর

৪ জুলাই ২০২৬ সকাল ১০:৩২:৩১

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর

স্পোর্টস ডেস্ক: রুদ্ধশ্বাস লড়াই শেষে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মিশর। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় ১-১ গোলের সমতায় শেষ হওয়ার পর ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে, যেখানে স্নায়ুচাপের পরীক্ষায় জয়ী হয় আফ্রিকার প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিশর। এরই ধারাবাহিকতায় ১৩তম মিনিটে এগিয়ে যায় দলটি। ফ্রি-কিক থেকে দারুণ পরিকল্পিত আক্রমণে মোহাম্মদ সালাহ সরাসরি শট না নিয়ে ছোট পাস বাড়ান ইমান আশুরের উদ্দেশে। আশুরের প্রথম শট ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে এলেও ফিরতি বলে নিখুঁত হেডে জাল খুঁজে নেন তিনি।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় অস্ট্রেলিয়া। তবে প্রথমার্ধে মিশরের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হওয়ায় ১-০ ব্যবধানে পিছিয়েই বিরতিতে যায় তারা।

বিরতির পর ৫৫তম মিনিটে ভাগ্যের সহায়তায় সমতায় ফেরে অস্ট্রেলিয়া। ফ্রি-কিক থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন মিশরের ডিফেন্ডার মোহাম্মদ হানি। তার ভুলেই ম্যাচে ১-১ সমতা ফেরে।

এরপর দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালালেও নির্ধারিত সময় কিংবা অতিরিক্ত ৩০ মিনিটে আর কোনো গোল হয়নি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণে গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারের প্রথম শটেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। হ্যারি শুটারের শট রুখে দেন মিশরের গোলরক্ষক। অন্যদিকে মাহমুদ সাবের প্রথম শট থেকেই এগিয়ে দেন মিশরকে।

দ্বিতীয় শটে জ্যাকসন আরভিন অস্ট্রেলিয়ার হয়ে গোল করলেও মিশরও তাদের দ্বিতীয় প্রচেষ্টা সফলভাবে সম্পন্ন করে। তৃতীয় শটে আওয়ার মাবিল গোল করে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে রাখেন। তবে চতুর্থ শটে হ্যারিংটনের ব্যর্থতায় আবারও চাপে পড়ে অস্ট্রেলিয়া।

সেই সুযোগ কাজে লাগিয়ে আবদেল মাগিদ শেষ শটটি জালে জড়িয়ে মিশরের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন। তার গোলের পরই উল্লাসে ফেটে পড়ে মিশর শিবির।

এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিল মিশর। অন্যদিকে, লড়াকু পারফরম্যান্স সত্ত্বেও টাইব্রেকারের হতাশা নিয়ে বিদায় নিতে হলো অস্ট্রেলিয়াকে।

সূত্র: ইএসপিএন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us